ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে বিকল ‘সি-আর্ম’ মেশিন, ব্যাহত অস্ত্রোপচার, চরম ভোগান্তিতে রোগীরা
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত এক মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে উন্নত মানের এক্স-রে মেশিন। যার জেরে শিকেয় উঠেছে অর্থোপেডিক ও পেন ম্যানেজমেন্ট বিভাগের গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার। প্রবল যন্ত্রণার মধ্যেও সঠিক চিকিৎসা না পেয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ রোগীরা।
হাসপাতাল সূত্রে খবর, বিকল হয়ে পড়া যন্ত্রটি হলো ‘সি-আর্ম’ (C-Arm) এক্স-রে মেশিন। এটি মূলত একটি অত্যাধুনিক মেডিক্যাল ইমেজিং ডিভাইস, যা জটিল হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে চিকিৎসকদের বিশেষ সহায়তা করে। এই যন্ত্রের সাহায্যে বিভিন্ন কোণ থেকে শরীরের হাড়ের অবস্থান দেখে নিখুঁত অপারেশন করা সম্ভব হয়। কিন্তু গত এক মাস ধরে এই যন্ত্রটি খারাপ থাকায় থমকে গেছে সমস্ত বড় ধরনের অর্থোপেডিক সার্জারি।
দূর-দূরান্ত থেকে আসা রোগীরা পরিষেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। যাদের সামর্থ্য আছে, তারা ছুটছেন বেসরকারি হাসপাতালে। কিন্তু জঙ্গলমহলের দরিদ্র রোগীদের ভরসা শুধুই এই সরকারি হাসপাতাল, ফলে তারা দিশাহারা। সম্প্রতি এক রোগীর পরিবার জানায়, দুর্ঘটনায় পায়ে হাড় ভেঙে যাওয়ার পর রোগীকে এখানে ভর্তি করা হলেও, মেশিনের অভাবে অপারেশন করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয় এবং পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হয় তাদের।
চিকিৎসকদের একাংশের অভিযোগ, রাজ্য সরকারের তরফ থেকে সবরকম সহযোগিতা থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এই দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি হয়েছে। এক চিকিৎসক জানান, দিনের পর দিন রোগী ও তাদের আত্মীয়দের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের, অথচ যন্ত্রটি কবে সারাই হবে তার কোনও সদুত্তর কর্তৃপক্ষের কাছে মিলছে না।
আপাতত কবে এই ‘যন্ত্র- যন্ত্রণা’ মিটবে এবং ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে পরিষেবা স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে অসহায় রোগীরা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন