ইন্ডিগোর ওপর বেজায় চটলো কেন্দ্র! ৪৮ ঘণ্টায় লাগেজ আর ৭ তারিখের মধ্যে টাকা ফেরতের নির্দেশ
পরপর বিমান বাতিলের জেরে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে ইন্ডিগো এয়ারলাইন্সের (IndiGo) বিরুদ্ধে কড়া অবস্থান নিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কেন্দ্র সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হবে।
৭ ডিসেম্বর রাত ৮টার মধ্যে রিফান্ড:
মন্ত্রকের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর রাত ৮টার মধ্যে সমস্ত যাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড বা টাকা ফেরত পাঠাতে হবে। মন্ত্রক সতর্ক করে দিয়েছে যে, যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ায় কোনও গাফিলতি দেখা যায়, তবে বিমান সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
৪৮ ঘণ্টার মধ্যে লাগেজ ফেরানোর নির্দেশ:
শুধু টিকিটের অর্থ ফেরত নয়, যাত্রীদের লাগেজ বা মালপত্র নিয়েও কড়া বার্তা দিয়েছে সরকার। অনেক যাত্রী অভিযোগ করেছেন যে তাঁদের লাগেজ পাওয়া যাচ্ছে না। এই প্রেক্ষিতে মন্ত্রক নির্দেশ দিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে যাত্রীদের লাগেজ তাঁদের কাছে পৌঁছে দিতে হবে। যদি সংস্থা এতে ব্যর্থ হয়, তবে তাদের যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে।
বিশেষ দল গঠন ও যাত্রীদের সহায়তা:
রিফান্ড প্রক্রিয়া যাতে মসৃণভাবে হয়, তার জন্য ইন্ডিগোকে একটি 'বিশেষ দল' (Special Team) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন না পরিষেবা স্বাভাবিক হচ্ছে, ততদিন এই দল কাজ করবে। এছাড়াও অসুস্থ, বয়স্ক, বিশেষ চাহিদা সম্পন্ন এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীদের অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্য করার নির্দেশ দিয়েছে মন্ত্রক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন